শিরোনাম

খুলনা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল, একটি ল্যাপটপ ও গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রূপক মন্ডল (৩০), অনুপম বর্মন (৩২), মোহিত সরদার (২৮) ও সুমন রায় (২৮)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৬টি বাটন মোবাইল ফোন এবং ১ টি এইচপি কোম্পানির ল্যাপটপসহ মোট ১৪টি মোবাইল ফোন ও ৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (কেএমপি ডিবি)-এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই বাসা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা পরস্পর যোগসাজশে নিজেদের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলতেন। এছাড়াও তারা অবৈধভাবে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।