বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৪

চাঁদপুরে জাটকা ধরার দায়ে ৫ জেলের কারাদণ্ড

চাঁদপুর, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় ৫ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। এসময় তাদের কাছ থেকে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন । 

গতকাল বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় হাইমচরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বুধবার দিবাগত রাতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ এসব তথ্য নিশ্চিত করেন।

কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হলেন, চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের চরফতেজংপুর গ্রামের আরশাদ (৩২), একই গ্রামের আব্দুল কাদির (২০), মো. শাহাদাত (৩৩), লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শরীফ বকাউল (২৭) ও মো. সবুজ (৩২)।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক বাসসকে বলেন, চলমান অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ অভিযানের আওতায় বিকাল ৩টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাইমচর উপজেলার মেঘনা নদীর ঈশান বালা, মাঝেরচর, চান্দুরের খাল ও আখনের খাল সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এক লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং ৫ জেলেকে আটক করা হয়।

তিনি বলেন, জব্দকৃত কারেন্ট জাল কোস্টগার্ড নয়ানী আউটপোস্টে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। দণ্ডপ্রাপ্ত জেলেদের হাইমচর থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জাটকা সংরক্ষণ কার্যক্রমের আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসির উদ্দীনসহ কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।