বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ১৫:১৯

ফেনীতে পাম্প থেকে ডিজেল পাচারকালে পিকআপ চালক গ্রেফতার

ফেনী, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার দাগনভূঞা উপজেলায় দুই হাজার লিটার ডিজেল পাচারকালে পিকআপ চালক মো. মানিক (৪৩) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে আমিরগাঁও সেবা ফিলিং  স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তেলের সংকট দেখিয়ে অন্যত্র বিক্রি করার লক্ষ্যে পেট্রোল পাম্পের মালিক দুই হাজার লিটার তেল নিয়ে পিকআপে করে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ খবর পেয়ে টহল পুলিশের একটি দল পিকআপ তল্লাশি করে উল্লিখিত তেলের সন্ধান পান।

দাগনভূঞা থানার সাব ইন্সপেক্টর কুমারেশ ঘোষ জানান, এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় পিকআপ চালক মানিক ছাড়াও সেবা ফিলিং ষ্টেশনের মালিক দাগনভূঞা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের সালাহ উদ্দিন পিয়াস ও ম্যানেজার ইব্রাহিম খলিল মামুনকে আসামি করা হয়েছে।

মো. মানিক প্রাথমিক স্বীকারোক্তিতে জানান, তেলগুলো মালিকের কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের নিজস্ব খামারে রাখা হত। সেখান থেকে চড়া দামে বিক্রি করা হত। এর আগের দিন রাতেও পেট্রোল পাম্প থেকে ২৭০০ লিটার ডিজেল সরানো হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফৌজুল আজীম নোমান বলেন, তেলের সংকট দেখিয়ে মজুত করত মালিকেরা। বিভিন্ন পেট্রোলিয়াম কোম্পানিগুলো পর্যাপ্ত তেল প্রেরণ করলেও সংকট সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে মালিকরা তেল মজুত করে বেশি দামে বিক্রি করছে।