বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ২৩:১৪

যশোরের শার্ষা থেকে অপহৃত ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে ঝিকরগাছায় উদ্ধার 

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : ৯৯৯ নম্বরে ফোনকলে যশোরের শার্ষা থেকে অপহৃত ব্যক্তি গোলাম রহমানকে (৫৩) ঝিকরগাছা থেকে উদ্ধার করা হয়েছে। 

আজ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার দুপুর আড়াইটায় যশোরের ঝিকরগাছার কুঞ্জিপাড়া থেকে একজন পথচারী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, একটি প্রাইভেট কারের ভেতর একজন ব্যক্তিকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। নির্যাতিত লোকটি সাহায্যের জন্য চিৎকার করছিলেন। কিন্তু কেউ তার কাছে যেতে সাহস পাচ্ছিলেন না। ইতোমধ্যে আরো লোকজন জড়ো হওয়ায় প্রাইভেট কার থেকে হাত-পা বাঁধা জখম ও রক্তাক্ত এক ব্যক্তিকে রাস্তায় ফেলে দিয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।   

তিনি আরো বলেন, ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিক ঝিকরগাছা থানায় জানানো হয়। সংবাদ পেয়ে ঝিকরগাছা থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত গোলাম রহমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে দেয়।

আনোয়ার সাত্তার জানান, ভুক্তভোগীকে মঙ্গলবার জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে শার্ষা থেকে অপহরণ করেছিল প্রতিপক্ষের লোকজন। এ সংক্রান্ত একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।