বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৯:১৩

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

সাতক্ষীরা, ৮ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি, ওষুধ ও পাতার বিড়ি সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
 
আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার চান্দুড়িয়া, মাদরা, কাঁকডাঙ্গা, তলুইগাছা ও বৈকারী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার আমবাগান নামক স্থান হতে ভারতীয় শাড়ি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়াও, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শালবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও তলুইগাছা পাকা রাস্তা নামক স্থান হতে ভারতীয় পাতার বিড়ি এবং বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার চৌধুরী পাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক চারলাখ ৭৬ হাজার চারশ’ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।