বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৮:২৭

সাতক্ষীরায় ভোজ্য তেল মজুতের দায়ে জরিমানা  

সাতক্ষীরা, ৮ এপ্রিল ২০২৬ (বাসস): জেলা সদরে আজ ভোজ্য তেল মজুতের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার দুপুরে শহরের সুলতানপুর বড়বাজারে জেলা প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুত রাখা হয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে ভোজ্য তেল মজুতের দায়ে মেসার্স হাজী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমানকে ২০ হাজার টাকা এবং সাধু স্টোরের স্বত্বাধিকারী সুকুমার সাধুকে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।