বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৭:১৮

কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুদের দায়ে একলাখ টাকা জরিমানা

জেলায় আজ ভোজ্য তেল মজুদের দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : বাসস

কুষ্টিয়া, ৮ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ ভোজ্য তেল মজুদের দায়ে ‘বাবলু পাল স্টোর’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার দুপুরে শহরের বড়বাজার এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে শহরের বড়বাজারের ‘বাবলু পাল স্টোর’-এর গুদামে পাঁচহাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্টরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এ ঘটনায় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে একলাখ টাকা জরিমানা করা হয়। 

এসময় জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আলী সহ সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।