শিরোনাম

মাদারীপুর, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে আজ বুধবার সকালে ফাউন্ডেশনের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মর্জিনা আক্তার এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক হজযাত্রী অংশগ্রহণ করেন। এতে হজ পালনের নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশিকুজ্জামানের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কানিজ ফারহানা।
ফাউন্ডেশনের উপ-পরিচালক বাসসকে জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে হজযাত্রীরা হজের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে ধারণা পাবেন, যা তাদের হজ পালন সহজ ও সুষ্ঠু করতে সহায়তা করবে।