বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৬:৪৫
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৭:২১

নাটোরে স্কাউটস্ দিবস উদযাপন

ছবি : বাসস

নাটোর, ৮ এপ্রিল ২০২৬ (বাসস) : ‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার’ এ প্রতিপাদ্য নিয়ে নাটোরে স্কাউটস্ দিবস উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ সকালে স্কাউটস্ ভবন প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আসমা শাহীন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

জেলা স্কাউটস্ কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, স্কাউটস্ এর রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার কাহারুল ইসলাম জয়, জেলা স্কাউটস্ এর সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন এবং জেলা রোভারের সম্পাদক জাকিরুল ইসলাম।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, পাঠ্য বইয়ের পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের স্কাউটস্ আন্দোলনের মতো সামাজিক আন্দোলনে সম্পৃক্ত থাকতে হবে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে নিজের জীবন সুন্দর হয়। আলোকিত হয় সমাজ এবং সমৃদ্ধ হয় দেশ। স্কাউটস্ আন্দোলনকে আগামীতে আমরা আরও গতিশীল করতে চাই।

এর আগে সকালে স্কাউটস্ ভবন প্রাঙ্গণে জাতীয় ও স্কাউটস্ পতাকা উত্তোলন করা হয়। স্কাউটস্ ভবন থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুইজ এবং বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।