শিরোনাম

চট্টগ্রাম, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি গুদামে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৪২ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। এ ছাড়া পাঁচলাইশ এলাকায় ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুত করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, বায়েজিদ থানার গুলবাগ আবাসিক এলাকায় আমানত প্যাকেজিং অ্যান্ড মার্কেটিং নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের সিএম সনদ ছাড়া ফর্টিফায়েড সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া পণ্যের মোড়কে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের অভিযোগও ওঠে। প্রতিষ্ঠানের মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটি থেকে প্রায় ১ হাজার ৪২ লিটার ভোজ্যতেল, আনুমানিক ১০ হাজার পিস মোড়ক এবং খালি বোতল জব্দ করে বায়েজিদ থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়।
র্যাব কর্মকর্তা এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, অন্যদিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেট এলাকায় মাবিয়া স্টোরে সরকারি লাইসেন্স ছাড়া প্রায় ৫০ ড্রাম ফর্টিফায়েড সয়াবিন তেল মজুত রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় খাজা স্টোরে লাইসেন্স থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশে তেল সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার। এ সময় বিএসটিআই চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা প্রকৌশলী মো. আবদুর রহিম ও পরিদর্শক সাইদ আহমেদ তালুকদার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এ ছাড়া র্যাব কর্মকর্তা সাইফুর রহমানসহ সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।