শিরোনাম

ফেনী, ৮ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মার সঞ্চালনায় এ সভায় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নবী নেওয়াজ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া সুলতানা, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া ইসলাম, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা জাসাস আহবায়ক কাজী ইকবাল আহমদ পরান, ফেনী সাহিত্য সভার সভাপতি কবি শাবিহ মাহমুদ, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে, ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) সকাল ৯ টায় বৈশাখী শোভাযাত্রা ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআই মাঠে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহন করবে।
ওইদিন বিকাল ৩ টা থেকে তিনদিন ব্যাপী লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে। এ মেলায় স্থানীয় হস্ত ও কুটির শিল্পের স্টলের পাশাপাশি থাকবে শিশুদের বিনোদনের সামগ্রী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ও সরকারি নির্দেশনা অনুযায়ী দুপুর ৩টা থেকে বিকাল ৬ টার মধ্যে প্রতিদিন মেলা শেষ হবে।