শিরোনাম

শেরপুর, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : আগামীকাল ৯ এপ্রিল শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাতিলকৃত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে| নির্বাচনকে সামনে রেখে আজ দুপুর ১২টা থেকে শ্রীবরদি ও ঝিনাইগাতী উপজেলা পরিষদ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম|
জেলা নির্বাচন কর্মকতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাসস’কে জানান, গত ৪ ফেব্রুয়ারি অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেন জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল| এই ঘটনায় একই দিন রাতে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন|
আগামীকাল ৯ এপ্রিল শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভাসহ মোট ১২৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে|
এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ|
এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন| এছাড়া ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে|
নির্বাচন অফিস আরো জানায়, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে| নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৬ প্লাটুন বিজিবি সদস্য আসনের ২ উপজেলায় মোতায়েন করা হয়েছে|
পাশাপাশি নির্বাচনী নিরাপত্তা জোরদারে র্যাবের ১০টি টিম মাঠে কাজ করবে এবং আরো ৪টি টিম রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে|
নির্বাচনে পুলিশের ২৬টি মোবাইল টিম মোতায়েন থাকবে| এছাড়া টহল টিম হিসেবে দুই শতাধিক সেনাবাহিনী কাজ করবে| এছাড়া সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে দায়িত্ব পালন করবেন, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ উপজেলায় ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেকশন ইনকোয়ারি কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ|
নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৮ জন পর্যবেক্ষকের পাশাপাশি প্রতি ভোট কেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য এবং ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে|