শিরোনাম

পিরোজপুর, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে|
জেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ-মিজান সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়| জেলা প্রশাসক আবু সাঈদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন|
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বাঙালি সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় পহেলা বৈশাখ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| তিনি এ উৎসবকে ঘিরে সব আয়োজন যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান|
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদসহ জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা|
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, পহেলা বৈশাখের দিন সকাল ৮টায় শহীদ ভাগীরথী চত্বর (কৃষ্ণচূড়া মোড়) থেকে আফতাব উদ্দিন কলেজ পর্যন্ত একটি বর্ণাঢ্য বৈশাখি শোভাযাত্রা বের করা হবে| এরপর সকাল ৮টা ৩০ মিনিটে আফতাব উদ্দিন কলেজ মাঠে ৭ দিনব্যাপী বৈশাখি মেলার উদ্বোধন করা হবে| এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে| এছাড়াও মেলা প্রাঙ্গণে প্রতিদিন জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে|