শিরোনাম

বগুড়া, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ১৫০টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৩টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন| এরমধ্যে ৫টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে| নির্বাচন সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ |
জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানা গেছে, মোট কেন্দ্রের মধ্যে ৫টি অধিক গুরুত্বপূর্ণ, ৪৮টি গুরুত্বপূর্ণ এবং ৯৭টি সাধারণ কেন্দ্র রয়েছে|
অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো হলো- বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরাতন (উচ্চ মাধ্যমিক) ভবনের পুরুষ ও মহিলা কেন্দ্র, ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং বগুড়া করোনেশন ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের পুরুষ ও মহিলা কেন্দ্র|
এসব অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রতি কেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্য এবং ১৫ থেকে ১৬ জন আনসার সদস্য মোতায়েন থাকবে| গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন করে পুলিশ এবং ১২ থেকে ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন| এছাড়া সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন| দায়িত্ব পালন করবেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও|
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে| গত ২ এপ্রিল থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছে এবং আগামী ১১ এপ্রিল পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করবে| বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে বিজিবি সদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন| শুক্রবার থেকে তারা সক্রিয়ভাবে টহল ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেছেন|
এছাড়াও ৮ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ৯ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্রাক, মাইক্রো, ব্যক্তিগত গাড়ী, ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন| এর পাশাপাশি ৭ এপ্রিল রাত ১২টা থেকে ১০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে|
রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বাসস’কে বলেন, নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে| তারা ২ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজন অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন|
তিনি আরও বলেন, ভোট গ্রহণের আগে, ভোটের দিন এবং পরবর্তী সময় এই তিন পর্যায়েই বিজিবি সদস্যরা টহলসহ নিরাপত্তা নিশ্চিত করবেন| নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেয়া হয়েছে| পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে|
উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন| তারা হলেন- বিএনপির রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার (ফুলকপি)|
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন| এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন|