শিরোনাম

মাগুরা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ ২০২৬ সালের পবিত্র হজে গমনেচ্ছু সরকারি ও বেসরকারি পর্যায়ের হজযাত্রীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালা উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
ইসলামিক ফাউন্ডেশনের মাগুরা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদের সভাপতিত্বে এ কর্মশালায় জেলার দেড়শ’জন হজযাত্রী অংশগ্রহণ করেন।
কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) এস এম শান্তনু চৌধুরী, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. এজাজ আহমেদ রোচি এবং ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মো. শিহাব উদ্দিন বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন।
কর্মশালায় হজযাত্রীদের করণীয়-বর্জনীয়, আইসিটি ব্যবহার, স্বাস্থ্য সচেতনতা, সৌদি আরবে চিকিৎসা সুবিধা গ্রহণ এবং হজের ধর্মীয় বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালা শেষে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মো. কালিম আহমেদ মোনাজাত পরিচালনা করেন।