শিরোনাম

খুলনা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ আসন্ন পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল আটটায় খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রা শেষে সকাল সাড়ে নয়টায় শহিদ হাদিস পার্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে দিবসটি উদযাপনে শিশুদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। ওইদিন খুলনা বিভাগীয় জাদুঘর সবার জন্য উন্মুক্ত রাখা হবে।
এছাড়া পহেলা বৈশাখে কারাগার ও সরকারি শিশু পরিবারসমূহে দেশীয় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে।