শিরোনাম

বাগেরহাট, ৭ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বাগেরহাটে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করা হয়।
বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সব প্রাণ’। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বাগেরহাট সিভিল সার্জন কার্যালয় এ কর্মসূচি আয়োজন করে। এ উপলক্ষে দিনের শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে গিয়ে শেষ হয়। বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য নিয়ে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডা. আ. স. ম. মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম এবং জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথ।
গোলাম মো. বাতেন বলেন, ‘বর্তমান বিশ্বে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের কোনো বিকল্প নেই। প্রযুক্তির যথাযথ ব্যবহার, সচেতনতা বৃদ্ধি এবং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুস্থ ও সুরক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব।’
তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা, সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকার নিরলসভাবে কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রজেক্টের জেলা ব্যবস্থাপক মাসুদুর রহমান, প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্টের এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান শেখ, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শামীম রেজা, কর্মসূচি সংগঠক তাপস দেবনাথ, তাজকিয়া নওরিন, সোহাগ মিস্ত্রি, ইসমত জাহান প্রীতিসহ ব্র্যাকের অন্যান্য কর্মীবৃন্দ।