শিরোনাম

নওগাঁ, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : হারিয়ে যাওয়া ফুটবলের জৌলুস ফিরিয়ে আনতে নওগাঁয় মাঠে নেমেছিলেন সোনালী সময়ের মাঠ কাঁপানো জাতীয় দলের ও স্থানীয় সাবেক ফুটবলাররা।
গতকাল সোমবার বিকেলে জেলা স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ম্যাচে ফুটবলারদের সংগঠন নওগাঁ সোনালী অতীত ক্লাবের সাবেক ফুটবলাররা লাল-সবুজ দলে দু’টি গ্রুপে ভাগ হয়ে মুখোমুখি হয়।
বিকেল ৪টায় প্রীতি ম্যাচের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও নওগাঁ ক্রীড়া অফিস এর আয়োজন করেন।
এসময় জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
এই ম্যাচকে ঘিরে জেলা স্টেডিয়ামে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলন মেলায় পরিণত হয়। উৎসুক দর্শকরাও ভিড় করেন এক সময়ের মাঠ কাঁপান মোসাদ্দেক, রানা, আজিম উদ্দিন, এনামুল, রনি, সাত্তার, কলিংসহ বিভিন্ন ফুটবলারদের পায়ের জাদু এক পলক দেখতে। খেলায় লাল দলকে ১-০ গোলে হারিয়ে জয় পায় সবুজ দল।
প্রীতি ম্যাচে অংশ নেয়া জাতীয় দলের সাবেক ফুটবলার মোসাদ্দেক হোসেন বলেন, ফুটবল সারাবিশ্বের জনপ্রিয় খেলা। এক সময় ফুটবলে নওগাঁর ঐতিহ্য ছিলো। দিনে দিনে ফুটবল তার ঐতিহ্য হারাতে বসেছে। ফুটবলের সোনালী ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে আনতে এবং তাদের ফুটবলে উদ্বুদ্ধ করতে এমন আয়োজনে তারা অংশ নিয়েছেন। এর মাধ্যমে তরুণ প্রজন্ম মোবাইল ও মাদক ছেড়ে মাঠ মুখি হবে। এজন্য এই ধরনের খেলাধুলা আরও বেশি বেশি আয়োজনের দাবি তার।
জাতীয় দলের আরেক সাবেক ফুটবলার এনামুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করাসহ বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। এতে করে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের খুঁজে বের করে আনা সহজ হবে। গত ১৭ বছরে মাদকের ছোবলে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে গেলেও বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে ফুটবলের সেই ঐতিহ্য ফিরিয়ে আসবে এবং খেলাধুলায় জাগরণ সৃষ্টি হবে।
খেলা শুরু হওয়ার আগে স্টেডিয়াম থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় সেখানে এসে শেষ হয়।