বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ১৩:৩১

ভোলায় আড়াইশ’ রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে কোস্টগার্ড

ছবি: বাসস

ভোলা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : দ্বীপ জেলায় জনসচেতনতামূলক কার্যক্রম এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।

প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন সুদূরচর এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ২শ’ ৫০ জন অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এছাড়াও, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা, বিভিন্ন ভাইরাস প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মশালায় স্থানীয় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, কিশোর-তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম গতকাল সোমবার সন্ধ্যায় গণমাধ্যমের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

তিনি বলেন,বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।