শিরোনাম

খাগড়াছড়ি, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলা নতুন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য জেলা খাগড়াছড়ি এখন উৎসবমুখর। জেলার পাহাড়ি জনগোষ্ঠীর বৃহত্তম এই সামাজিক অনুষ্ঠানকে ঘিরে ব্যস্ত এখন শহর আর পাহাড়ি পল্লীগুলো।
মারমারা সংগ্রাই, চাকমারা বিজু, ত্রিপুরা বৈসুক, তঞ্চঙ্গ্যারা বিষু, অহমিয়ারা বিহু উৎসবের মাধ্যমে বরণ করে নেয় নতুন বছরকে।
পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়ে গেছে নানা আয়োজন।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীরা তাদের ঐতিহ্যবাহী বর্ণিল পোশাক, অলংকার এবং বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন হাজারো পাহাড়ি-বাঙ্গালী। শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তা পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
‘নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা তুলে সম্প্রীতির হাত ধরি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বেলুন ও শান্তির পায়রা উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এসময় পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজিয়া তাহের, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভিন্ন দপ্তরের লোকজন শোভাযাত্রায় জেলার বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তুলে ধরেন। যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরাদের নানা সাংস্কৃতিক পরিবেশনা ছিল।
এছাড়াও মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা ও শারিরীক কসরত প্রদর্শন করা হয়।
আগামী ১২এপ্রিল থেকে পাহাড়ে বর্ষবরণ ‘বৈসাবি’ উৎসব শুরু হবে।