বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ৭ এপ্রিল ২০২৬ (বাসস): ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সব প্রাণ’- এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলায় আজ বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে হাসপাতাল চত্বর ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। 

পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। সভার শুরুতে মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সাজিদ হাসান।

সভায় জানানো হয়, ১৯৪৮ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়ে আসছে। প্রতিবছর ৭ এপ্রিলে এ দিবসটি নানান আয়োজনে পালন করা হয়। স্বাস্থ্য সেবায় বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। বর্তমানে অধিক টেকনোলজির ব্যবহার দেখা যায় স্বাস্থ্য খাতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করেও স্বাস্থ্য খাত অনেক উন্নত করা হয়েছে। 

সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিরাপদ পানি, পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমেই একটি সুস্থ জাতি গঠন সম্ভব। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হওয়া প্রয়োজন। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা বলেন, বর্তমানে স্বাস্থ্য সেবায় কিছু কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বাজেট এবং জনবলের কারণে হয়ত স্বাস্থ্য সেবাটা এখনো সেইভাবে ছড়িয়ে দেওয়া যায়নি। 

তিনি বলেন, গবেষণায় দেখা গেছে, দেশে প্রতি ১ হাজার জন মানুষের জন্য ০.৩ জন চিকিৎসক রয়েছে। অর্থাৎ জনগণের স্বাস্থ্য সেবাটা এখনো নিশ্চিত হয়নি। তবে যদি নিজেরা সচেতন হওয়া যায় তাহলে সুস্থ জীবনযাপন করা সম্ভব। নিয়মকানুন মেনে চললে এবং সচেতন হলে চিকিৎসা সেবার প্রয়োজন কম হয়। 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা এবং দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।

মেডিক্যাল অফিসার ডা. শামীমা ইয়াসমিন, নার্সিং সুপারভাইজার রেহানা পারভীন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্মরত নার্স ও গণমাধ্যম কর্মীরা এ আলোচনায় অংশ নেন।