বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ২০:৪০

নারায়ণগঞ্জে অনিয়মের দায়ে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ, ৬ এপ্রিল ২০২৬ (বাসস): জেলা শহরে নিম্নমানের সেবা প্রদান ও বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট  পাঁচ  লাখ  পাঁচহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়, অপারেশন থিয়েটার (ওটি) ও পোস্ট-অপারেটিভ কক্ষে প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ না করা এবং যথাযথ স্টেরিলাইজেশনের অভাব, প্যাথলজিস্ট ও ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতার প্রমাণ দেখাতে ব্যর্থতা এবং শয্যা অনুযায়ী নার্সের স্বল্পতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বৈধ লাইসেন্স না থাকা, সেবার মূল্য তালিকা সংরক্ষণ না করা ও দক্ষ জনবল ছাড়া প্যাথলজি পরীক্ষা পরিচালনার দায়ে পলি ডায়াগনস্টিক সেন্টারকে দুইলাখ পাঁচহাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম সহ র‌্যাব-১১ ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।