শিরোনাম

ফেনী, ৬ এপ্রিল ২০২৬ (বাসস): জেলা সদরে আজ শব্দ দূষণ করার অপরাধে চারটি পরিবহণকে এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রির দায়ে দুই বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়ার নেতৃত্বে অভিযানকালে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে শব্দ দূষণ করার দায়ে ইউনিক পরিবহণকে দুইহাজার টাকা, হানিফ পরিবহণকে দুইহাজার টাকা, সুগন্ধা পরিবহণকে দুইহাজার টাকা, স্টারলাইন পরিবহণকে দুইহাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট সহকারী পরিচালক গোলাম বশির আহমেদ, পরিদর্শক শাওন শওকত প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া, সোমবার জেলা সদরের মহিপাল এলাকায় পলিথিন বিক্রির দায়ে ফল ব্যবসায়ী ফরহাদকে একহাজার চারশ’ টাকা ও ফল ব্যবসায়ী মো. সরোয়ারকে তিনহাজার ছয়শ’ টাকা জরিমানা করা হয়।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।