বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১৯:৪৭

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

সাতক্ষীরা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে।

আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব ওষুধ জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মজুমদার খাল নামক স্থান হতে এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত ওষুধের সর্বমোট বাজার মূল্য আনুমানিক দুইলাখ ৪৫ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় ওষুধগুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।