বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১৯:৪০

যশোরে ভেজাল দুধ তৈরির দায়ে দুইলাখ টাকা জরিমানা 

যশোর, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার কেশবপুর উপজেলায় আজ গরুর দুধে জেলি, সয়াবিন তেল ও সোডা মিশিয়ে বিষাক্ত ভেজাল দুধ তৈরির অপরাধে দুইব্যক্তিকে মোট দুইলাখ পাঁচহাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী ঘোষপাড়া গ্রামে র‌্যাব-৬ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানকালে এ জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন যশোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় র‌্যাব-৬ (সিপিসি-৩) এর ক্যাম্প কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানকালে কারখানা থেকে বিপুল পরিমাণ ক্ষতিকারক জেলি, সয়াবিন তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত এসব উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।