শিরোনাম

নেত্রকোণা, ৬ এপ্রিল ২০২৬ (বাসস): জেলা সদরে আজ ভারতীয় জিরা ৭৮০ কেজি এবং একহাজার ৭৬০ কেজি ফুচকা জব্দ এবং এঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার সকালে নেত্রকোণা শহরতলীর কুরপাড় এলাকায় বিশেষ অভিযানকালে এসব মালামাল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার তীতখলা কারীবাড়ী গ্রামের মৃত আবুল হাসানের পুত্র রিপন মিয়া (২৫) এবং নেত্রকোণা সদর উপজেলার পশ্চিম মেদনী গ্রামের মো. লিয়াকত আলীর পুত্র মো. জসিম উদ্দিন (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে জেলা শহরের কুরপাড় এলাকায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিলের নেতৃত্বে একটি টিম এই অভিযান চালায়। এসময় ভারতীয় ৭৮০ কেজি জিরা ও একহাজার ৭৬০ কেজি ফুচকা জব্দ এবং দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে রিপন মিয়া ও মো. জসিম উদ্দিনকে আটক করা হয়।
জব্দকৃত ফুচকার আনুমানিক বাজার মূল্য পাঁচলাখ ২৮ হাজার টাকা এবং জিরার মূল্য তিনলাখ ৯০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের মোট বাজার মূল্য আনুমানিক প্রায় নয়লাখ ১৮ হাজার টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। সোমবার বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।