বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১৮:৪৭

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

কুমিল্লা (দক্ষিণ), ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সদর দক্ষিণ উপজেলায় আজ অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ সোমবার জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় এ অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় অভিযান চলাকালে যমুনা গ্যাসের ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স সরদার এন্টারপ্রাইজ’-কে ডিলার পর্যায়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১৯৫০ ও ২০৫০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় আরেকটি প্রতিষ্ঠান ‘মেসার্স রাসেল স্টোর’-কে অনিয়মের দায়ে দুইহাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।