বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১৮:৪১

সিরাজগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ টাকা জরিমানা 

সিরাজগঞ্জ, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার রায়গঞ্জ উপজেলায় আজ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানকালে মোট নয়লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

আজ সোমবার দিনভর রায়গঞ্জ উপজেলার ষোলমাইল ও রুদ্রপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে মেসার্স বন্ধন ব্রিকস, কোদলাদিঘরকে ৩ লাখ টাকা এবং মেসার্স এসকেবি ব্রিকস, রুদ্রপুরকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স এস অ্যান্ড বি ব্রিকস, ভূইয়াগাতি নামক আরও একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসের মধ্যে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা এবং একই সঙ্গে ভাটার মালিকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।
অভিযানকালে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম। 

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।