বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১৪:৫৬

ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়নমূলক আবাসিক প্রশিক্ষণ

নেত্রকোণায় ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়নমূলক ‘আধুনিক কৃষি কলাকৌশল’ বিষয়ক কোর্সের আবাসিক প্রশিক্ষণের আজ শুভ উদ্বোধন করা হয়। ছবি: বাসস

নেত্রকোণা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়নমূলক ৯ দিনব্যাপী ‘আধুনিক কৃষি কলাকৌশল’ বিষয়ক কোর্সের আবাসিক প্রশিক্ষণের আজ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল দশটায় নেত্রকোণা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ক্লাসরুমে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়, বিআরডিবি, ঢাকার অর্থায়ন ও সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর সালাহ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি নেত্রকোণার উপপরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন।

৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই আবাসিক প্রশিক্ষণ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। প্রশিক্ষণে আধুনিক কৃষির বিভিন্ন কলাকৌশল, উন্নত জাতের ফসল উৎপাদন এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শিক্ষা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, বিআরডিবির প্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।