বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১৩:০৩

জলাবদ্ধতা নিরসনে রংপুরে ব্যাপক উদ্যোগ

ছবি: বাসস

রংপুর, ৬ এপ্রিল ২০২৬ (বাসস) : রংপুর সিটি করপোরেশনে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ড্রেন পরিষ্কারসহ জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন কার্যক্রম দ্রুতগতিতে বাস্তবায়ন করা হচ্ছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, নগরীর প্রধান সড়ক, অলিগলি এবং গুরুত্বপূর্ণ ড্রেনগুলোতে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মীরা দলে দলে ভাগ হয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। পানি নিষ্কাশনব্যবস্থা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেজন্যই এই উদ্যোগ।

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বাসসকে বলেন, ‘বর্ষা মৌসুমে যাতে নগরীর কোথাও জলাবদ্ধতা সৃষ্টি না হয় এবং নগরবাসীকে কোনো ধরনের দুর্ভোগ পোহাতে না হয়, সে লক্ষ্যে আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাই।’

এদিকে নগরবাসীও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। অনেকেই মনে করছেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে রংপুর শহর আবর্জনামুক্ত ও বাসযোগ্য হয়ে উঠবে।

সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে টেকসই করতে নগরবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং ড্রেনে আবর্জনা না ফেলার জন্য অনুরোধ জানিয়েছেন।

পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত রংপুর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।