বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৯:১৮

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

ছবি : বাসস

সাতক্ষীরা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি, ওষুধ সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ রোববার কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার গেড়াখালী সীমান্ত দিয়ে ভারত থেকে শাড়ি ও মদের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির বিশেষ দু’টি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ভারতীয় শাড়ি ও ২০ বোতল মদ জব্দ করা হয়।

এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক দুইলাখ ৭৫ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় শাড়ি ও ওষুধ সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে।