শিরোনাম

গাজীপুর, ৫ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার শ্রীপুরে আগুনে পুড়ে ১৮টি বসতঘর ছাই হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বাড়ির মালিক আব্দুল কাদির জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ভাড়াটিয়াদের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বসতঘরগুলোতে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল করিম বাসসকে বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে।