বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৮:৫৩

রংপুরে মাদকসহ ২৫ জন গ্রেফতার

রংপুর, ৫ এপ্রিল ২০২৬ (বাসস) : মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ও পৃথক মামলার আসামিসহ ২৫ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন  (আরএমপি) পুলিশ।

আজ রোববার দুপুরে আরএমপি পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে অশালীন আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে কোতয়ালী থানার অধীনে ৫ জনকে গ্রেফতার করা হয়। একই সময়ে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে আরো ৪ জনকে গ্রেফতার করা হয়।

মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার অধীনে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ও মামলার আসামিসহ ৭ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া সরকার বিরোধী কার্যক্রম ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ৪ জনকে গ্রেফতারসহ তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে মামলা রুজু করে আদালতে তাদের সোপর্দ করা হয়। 

প্রতারণার মাধ্যমে স্বর্ণ আত্মসাতের চেষ্টার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে হারাগাছ থানা পুলিশ। সিআর পরোয়ানা মূলে ১ জনকে গ্রেফতার করেছে পরশুরাম থানা পুলিশ। 

বিশেষ অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে আরএমপি গোয়েন্দা পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বাসসকে জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এসময় জনসাধারণকে আইন মেনে চলা এবং যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।