শিরোনাম

ঢাকা, ০৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : নারায়ণগঞ্জে প্রায় ৮৮ লাখ টাকা মূল্যের ৭ হাজার ৩ শত কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।
আজ রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সন্দেহজনক ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৩৬০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
এ সময় কাভার্ড ভ্যান গাড়িটির চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত নিষিদ্ধ পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।