বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৫:২৭

রাজশাহীতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী, ৫ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার বাঘায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। এছাড়া পৃথক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১টি কার্টুন ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করে র‌্যাব। 

গতকাল শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে পবা থানার কাটাখালী ও বাঘার সোলেমানপুর এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী জেলার বাঘা থানাধীন ইউসুফপুর এলাকার মাসুম আলীর পুত্র মো. আয়হান আলী (২৬) এবং একই এলাকার আবু বক্করের পুত্র মো. ইমদাদুল হোসেন (২৬)। আজ রোববার দুপুরে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদর কোম্পানির একটি  দল রাত ১১টা ৩০ মিনিটের দিকে কাটাখালী এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি সিএনজিকে থামিয়ে তল্লাশি চালিয়ে ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের দায়ে সিএনজিটি জব্দ এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পৃথক আরেক অভিযানে গতরাত ১১টা ৫০ মিনিটের দিকে বাঘা থানাধীন সোলেমানপুর ১নং ওয়ার্ডের রাজশাহী ক্যাডেট কলেজের প্রধান ফটকের পূর্ব পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি কার্টুন ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করে অভিযানিক দলটি। তবে উদ্ধারকৃত অস্ত্র ও কার্টুনের মালিকানা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও দেশীয় অস্ত্রসহ অন্যান্য মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।