শিরোনাম

কক্সবাজার, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলা সদরে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইবন্ধু নিহত ও একজন আহত হয়েছেন।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ পরিদর্শক মো. নাছির উদ্দিন।
নিহতরা হলেন, ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা মো. রিসান (১৯) ও দরগা এলাকার বাসিন্দা মো. আরাফাত (২১)।
আহত মো. সানি (১৮) মুক্তারকুল এলাকার বাসিন্দা। তারা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু এবং একই মোটরসাইকেলে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দরগা এলাকা থেকে তিনবন্ধু মোটরসাইকেলে করে বাংলাবাজার স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। পথে খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সানির অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পরিদর্শক মো. নাছির উদ্দিন জানান, দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত পালিয়ে যায়। তবে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।