বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ২০:০৫

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় বিপুল পরিমাণের চোরাচালানী মালামাল জব্দ

ছবি : বাসস

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া এবং আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। 

আজ শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা এ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানে একটি পিকআপ গাড়িসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- জিরা, মেহেদী, বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুচকা, বাজি এবং বিভিন্ন প্রকার ওষুধ। জব্দকৃত মালামালের বাজার মূল্য ১ কোটি ৯০ লক্ষাধিক টাকা। জব্দকৃত মালামালসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। বর্তমান বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।