বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ২০:০০

যশোরে কৃষিজমির মাটিকাটার দায়ে জরিমানা 

 যশোর, ৪ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার অভয়নগর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি (টপ সয়েল) কেটে বিক্রি করার দায়ে দুইদিনে চারব্যক্তিকে মোট একলাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে এবং গতকাল শুক্রবার সকালে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে পৃথক অভিযানকালে এ জরিমানা আদায় করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আজ শনিবার দুপুরে উপজেলার প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কৃষিজমি থেকে প্রকাশ্যে মাটি কাটার দায়ে প্রেমবাগ গ্রামের শাহীন আলম, পালপাড়া গ্রামের ওসমান মোল্যা ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রিফাতকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, গতকাল শুক্রবার সকালে একই অপরাধে প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামের মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে দুই দিনের অভিযানে মোট চারজনকে একলাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিথ ছিলেন।