বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১৮:৪৩

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

সাতক্ষীরা, ৪ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় ওষুধ ও উইন সিরাক্স কফ সিরাপ সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, মাদরা ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাটা নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে ২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় উইন সিরাক্স কফ সিরাপ ও ওষুধ এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার চাঁন্দা নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।  জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক চারলাখ ৩০ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে।