বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১৮:২৮

দিনাজপুরে ঠোঁট ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে ৩ দিন ব্যাপী প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. সাজ্জাদ খন্দকারের নেতৃত্বে ঠোঁট ও তালু কাটা ৪২ জন রুগির ফ্রি অপারেশন সম্পন্ন করা হয়। ছবি : বাসস

দিনাজপুর, ৪ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলায় তিন দিনব্যাপী বিনামূল্যে ঠোঁট ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে ৪২ জন ঠোঁট ও তালু কাটা রোগীর সফল অপারেশন শেষে হাসপাতালের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল হক ছুটু এ তথ্য বাসসকে নিশ্চিত করেন। 

বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল হক বলেন, দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন এর সহযোগিতায় প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে গত ৯ মাস ধরে ৫ বছর থেকে ১৫ বছর বয়স পর্যন্ত বিশেষ করে শিশু রোগীদের জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৩ দিনব্যাপী এ অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মানবিক চিকিৎসা সেবা প্রদানের নেতৃত্বে থাকা অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকার জানান, জন্মগত এসব রোগীদের আমরা বিনামূল্যে অপারেশন, ফ্রি ওষুধ প্রদানসহ হাসাতপাতালে থাকাকালীন সময়ে খাবার ও যাতায়াত ভাড়া প্রদান করে আসছি। 

তিনি বলেন, আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন এর সহযোগিতায় দূর-দূরান্ত থেকে আসা রোগীদের বিনামূল্যে আমি এবং আমার মেডিকেল টিম প্রতি মাসে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে এ অপারেশন কার্যক্রম পরিচালনা করছি।

উল্লেখ্য, যারা এ ধরনের রোগীর অপারেশন করাতে চান তাদের সিরিয়ালের জন্য দাতা সংস্থার পক্ষ হতে নিয়োজিত পল্লব রায় নামের একজনের সাথে মোবাইল ফোন-০১৭১০৬০৬৭১৪, ০১৭১০৬০৬৭১৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। 

অপারেশন শেষে রোগী এবং রোগীর স্বজনদের কাউন্সিলিং ও পরামর্শ প্রদান করেন, প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকার। 

অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকার বাসসকে বলেন, দীর্ঘদিন ধরে ডায়বেটিক হাসপাতালে আমরা প্রতি মাসে এ চিকিৎসা সেবা ও অপারেশন ক্যাম্পের মাধ্যমে জন্মগত বিশেষ করে শিশুদের ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন বিনামূল্যে করে আসছি। আমাদের এ চিকিৎসা সেবা ও অপারেশনে এসব রোগীরা এখন স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন। 

আগামীতে আমার নেতৃত্বে থাকা মেডিকেল টিম, বিনামূল্যে এ ধরনের অপারেশন ও চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যাব বলে তিনি আশ্বস্ত করেন।