শিরোনাম

ভোলা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার লালমোহন উপজেলায় আজ মেঘনা নদীর তীর থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লালমোহন উপজেলার ধলিগৌড় নগর ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে পুলিশ হরিণটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মেঘনা নদীর তীরে নির্মাণাধীন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশে প্রাপ্ত বয়স্ক হরিণটিকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা লালমোহন থানায় খবর দিলে স্থানীয়দের সহায়তায় পুলিশ হরিণটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, হরিণটি সুস্থ এবং বর্তমানে থানা প্রাঙ্গণে রয়েছে। হরিণটি বনে উন্মুক্তর জন্য বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।