বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১৬:৩৭

নওগাঁয় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ছবি : বাসস

নওগাঁ, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার বদলগাছী উপজেলায় খরিপ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানসহ বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় পরিষদের অডিটোরিয়ামে প্রধান অতিথি নওগাঁ ৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনের এমপি ফজলে হুদা, ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। 

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।

প্রধান অতিথি এমপি বলেন, ‘সরকার ভোটের কালির দাগ শুকানোর আগে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন। একই সাথে কৃষক কার্ড নিয়ে কাজ করছে। খুব শীঘ্রই কৃষক কার্ডের উদ্বোধন করা হবে।’

এসময় প্রতিটি কৃষককে নিজ বাড়ির পতিত জমিতে ফল ও সবজি চাষ করার পরামর্শ দেন তিনি।

উপজেলার ৮ ইউনিয়নের ৪ হাজার ২ শ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার। ১০০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার। ৪০ জন কৃষককে ৫ কেজি করে মুগ ডালের বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার ও ৩০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। সেই সাথে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী সান্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।