শিরোনাম

রংপুর, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিগগিরই জনগণ এর সুফল পাবে।
স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হুজুর আলী শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, অন্যান্য কিছু মেডিকেল কলেজ হাসপাতালের মতো রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এখনও পুরোপুরি উন্নত নয়।
সরকারের চলমান স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়িত হলে রংপুর অঞ্চলের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও জানান, চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে।
তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট, দালাল চক্র এবং জনবল সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশিকুর রহমান, রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহিদ হাসান বাসুনিয়া, হাসপাতালের উপপরিচালক ডা. মো. আব্দুল মোকাদ্দেম, সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মেজবাহুল হাসান চৌধুরী, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কানিজ সাবিহা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।