বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১৬:১০

খুলনার জিয়া খালের পুনঃসংস্কার করা হবে : এমপি হেলাল

ছবি : বাসস

খুলনা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের এমপি আজিজুল বারী হেলাল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি মোতাবেক জেলার জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কার করা হবে।

তিনি বলেন, এটি শুধু একটি জলাধার বা পানি চলাচলের পথ নয়, বরং এটি রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কৃষি, অর্থনীতি ও জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি গুরুত্বপূর্ণ প্রাণরেখা। খালটি পুনঃসংস্কার করা গেলে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল ও জলাশয়ে পানির প্রবাহ নিশ্চিত হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রূপসা উপজেলা বিএনপির আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় নৈহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোডাউন মোড় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি হেলাল আরো বলেন, একটি অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি টিকিয়ে রাখতে পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈহাটির জিয়া খাল দীর্ঘদিন অবহেলা, ভরাট ও অযত্নে তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। ফলে একদিকে শুষ্ক মৌসুমে কৃষকরা সেচের জন্য প্রয়োজনীয় পানি পান না, অন্যদিকে বর্ষা ও অতিবৃষ্টির সময় পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় ফসলি জমি, বিল ও নিম্নাঞ্চল জলাবদ্ধতায় পড়ে। এতে কৃষকেরা প্রতি বছর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 

তিনি বলেন কৃষককে বাঁচাতে হলে কৃষির মৌলিক অবকাঠামো, বিশেষ করে খাল, বিল, ড্রেনেজ ও সেচ ব্যবস্থাকে টেকসই ভাবে গড়ে তুলতে হবে। জনগণের জীবনমান উন্নয়ন, কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং এলাকার টেকসই উন্নয়নে এ ধরনের জনগুরুত্বপূর্ণ কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল।

রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের সঞ্চালনায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা বিএনপি’র সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহবায়ক রয়েল আজম, হুমায়ূন কবীর প্রমুখ।