বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১৬:০৬
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৮:৫৩

রাজশাহীতে তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহী, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলার দুর্গাপুর উপজেলার আলিপুর বাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি ও অবৈধ মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ শনিবার ভোর ৬টার দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর। 

রাজশাহী জেলা প্রশাসনের মিডিয়া সেলের কর্মকর্তা শাহরিয়ার আল নাসিফ বাসসকে জানান, আলিপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ভোরবেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে একটি দোকান থেকে ৫০০ লিটার অবৈধভাবে মজুদকৃত তেল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত তেল উপস্থিত সাধারণ ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত সঠিক মূল্যে বিতরণ করা হয়।

এ সময় অধিক মূল্যে তেল বিক্রি ও অবৈধ মজুতের অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে উপস্থিত ক্রেতাসাধারণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত না করার আহ্বান জানানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।