শিরোনাম

মাগুরা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : ‘নিজের শহর পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মাগুরা সদর হাসপাতাল চত্বরে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের নবনিযুক্ত কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
অভিযানের অংশ হিসেবে মাগুরা সদর হাসপাতালের বিভিন্ন গলি ও শহরের জাহান হাসপাতাল গলি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ফগার মেশিন ব্যবহার করে মশক নিধন স্প্রে করা হয়।
এ কার্যক্রমে রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশ নিয়ে আশপাশের পরিবেশ পরিষ্কার করেন এবং মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসীর মাঝে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।