বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১৫:৩৩

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

ছবি: বাসস

খুলনা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : খুলনায় ৫২টি প্যাকেট ভর্তি বিপুল সংখ্যক ইয়াবাসহ নাইম নামের এক যুবককে আজ আটক করেছে পুলিশ। শনিবার নগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক মুন্সিগঞ্জ জেলার লৌহগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মিরাজ শেখের ছেলে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার বাসস’কে জানান, মাদকের একটি বড় চালান সাতক্ষীরা হয়ে ঢাকায় যাওয়ার সংবাদ পেয়ে পুলিশ কৈয়া বাজার এলাকায় চেকপোষ্ট বসায়। 

সাতক্ষীরা থেকে ঢাকাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি গাড়ি সাড়ে ১২টার দিকে কৈয়া বাজারে আসলে তল্লাশি করা হয়। পুলিশের উপস্থিতি দেখে নাঈমের আচরণ সন্দেহজনক হলে তার হাতে থাকা মোবাইল ফোনের ব্যাগ তল্লাশি করে ৫২ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়। 

সে সাতক্ষীরা থেকে উল্লেখিত পরিমাণ ইয়াবা ঢাকায় নিয়ে যাচ্ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।