বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ২০:৪৪

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

ছবি: বাসস

সাতক্ষীরা, ৩ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, চান্দুড়িয়া, মাদরা ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার গাড়াল পাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল উত্তর ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের সীম বোর্ড জব্দ করে। এছাড়া ঝাউডাঙ্গা ক্যাম্পের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা চেক পোস্ট নামক স্থান হতে ভারতীয় তালাচাবি জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক দুইলাখ ৯০ হাজার আটশ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।