শিরোনাম

চাঁদপুর, ৩ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে চার জেলেকে আটক ও একহাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মৎস্য আইনে মামলা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য বিভাগ পদ্মা-মেঘনা নদীর সদর উপজেলার নৌ সীমানায় অভিযান পরিচালনা করে। এ সময় কোম্পানীর চর চ্যানেল নামক স্থান থেকে জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ৭ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা দু’টি মাছ ধরার নৌকা ও একহাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটককৃত জেলেদের মধ্যে তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি ৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা হয়েছে। মামলা হওয়ায় ৪ আসামীকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।