বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ১৮:৫৮

লালমনিরহাট সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

লালমনিরহাট জেলার সীমান্ত এলাকায় অভিযানকালে ভারতীয় গরু ও চিনি সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: বাসস

লালমনিরহাট, ৩ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার সীমান্ত এলাকায় অভিযানকালে ভারতীয় গরু ও চিনি সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার দুপুরে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সীমান্তে বনচৌকি, দুর্গাপুর ও মোগলহাট বিওপির আওতাধীন এলাকায় তিনটি বিশেষ টহলদলের অভিযানকালে চোরাকারবারীরা পালিয়ে গেলে বিজিবি’র টহলদল ঘটনাস্থল থেকে ভারতীয় চিনি ৭০ কেজি ও ৯টি গরু উদ্ধার করে। জব্দকৃত মালামালের সরকারি সিজার মূল্য মোট ১২ লাখ ৬৪ হাজার একশ’ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, চোরাকারবারীদের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।